Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জন্মদিনের কেক কাটার টেবিলে থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল! শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের পাইপলাইন এলাকায় তৃণমূল কংগ্রেসের এক নেতার জন্মদিনের এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।

স্থানীয় তৃণমূল নেতা তথা ওয়ার্ড কমিটির সম্পাদক সৌমিত্র ঘোষ ওরফে দয়ালের জন্মদিন পালন করা হয়৷ অভিযোগ উঠেছে, ওইদিন দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার সময় টেবিলের ওপর বিপুল পরিমাণ নগদ টাকা রাখা ছিল। সেই মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে।

এই ঘটনাকে অস্ত্র করে আসরে নেমেছে গেরুয়া শিবির। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কটাক্ষ করে বলেন:

টাকা এখন তৃণমূল নেতাদের খাদ্যতালিকায় পৌঁছে গিয়েছে কি না, তা ওরাই বলতে পারবে। জন্মদিনের অনুষ্ঠানে এত নগদ টাকা কোথা থেকে এল, তার জবাব তৃণমূলকে দিতেই হবে।”
​বিজেপির দাবি, এই বিপুল পরিমাণ অর্থ কোনো অনৈতিক লেনদেনের অংশ হতে পারে।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন এই টাকা কোনো দুর্নীতির নয়। দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে একটি পিকনিক হওয়ার কথা রয়েছে, সেই পিকনিকের জন্য তোলা চাঁদার টাকাই টেবিলের ওপর রাখা ছিল। তবে টাকা টেবিলে রাখা উচিত হয় নি। বিরোধীরা ইসু করতেই পারে। তবুও সমস্ত বিষয়টি আমি খতিয়ে দেখবো।